
সিলেট টেস্টে বাংলাদেশের অসম লড়াই শেষ পর্যন্ত ড্রয়ে গড়ালেও সিরিজ জয়ের হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ দিনের শেষ বিকেলে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে বাংলাদেশ। ফলে ঢাকা টেস্টে ৮ উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।
একদিকে ব্যাট হাতে তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ২৪২ রানের মহাকাব্য, অন্যদিকে বল হাতে হাসান মাহমুদের ছয় উইকেটের আগুনঝরা স্পেল। ব্যক্তিগত নৈপুণ্যের আলোয় সিলেটের ক্রিকেট আকাশ উজ্জ্বল করেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। কিন্তু ক্রিকেট তো একক কীর্তির খেলা নয়, এখানে শেষ হাসি হাসে দল হয়ে খেলা ও সম্মিলিত পারফরম্যান্স। পাঁচ দিনের লড়াই শেষে সেই পরীক্ষায় এগিয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজ।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ড্র হলেও দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল সফরকারীরা। সিলেট টেস্ট গ্যালারিতে বা টিভির সামনে বসে যারা খেলা দেখেছেন তারা তাদের সবার ভাষ্য খেলায় চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ ছিলো চারদিন এবং স্বাগতিকরা ছিল এক দিন।
সিলেট টেস্টের পাঁচ দিনের গল্পে বাংলাদেশের প্রাপ্তি যেমন আছে, তেমনি আছে আক্ষেপের দীর্ঘশ্বাস। প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেনি স্বাগতিকেরা। হৃদয়ের ব্যাট একাই যেন হয়ে উঠেছিল বাংলাদেশের আশার প্রদীপ। কিন্তু সেই প্রদীপের আলোয় দলের সামগ্রিক ব্যাটিং দুর্বলতা আড়াল করা যায়নি। বিশেষ করে ওপেনিং ও টপ অর্ডারের ব্যর্থতা বারবার সামনে এসেছে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল উদাহরণ। একাধিক ব্যাটারের কার্যকর ইনিংসে দ্বিতীয়বারের মতো বড় সংগ্রহ গড়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় ক্যারিবীয়রা।
প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩৫৬ রান। শুরুতেই মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা। মনে হচ্ছিল, বাংলাদেশের বোলারদের সামনে বড় পরীক্ষায় পড়েছে ক্যারিবীয় ব্যাটিং। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যাম। জাঙ্গুর ১৩৩ রানের অনবদ্য ইনিংসের সঙ্গে উইকহ্যামের ৬১ এবং জাস্টিন গ্রিভসের ৫১ রান দলকে বিপর্যয় থেকে উদ্ধার করে সম্মানজনক সংগ্রহ এনে দেয়। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৯০ রান দিয়ে তুলে নেন ছয় উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ পান দুটি করে উইকেট।
জবাবে বাংলাদেশ করে ৩৮৬ রান। তবে এই ইনিংসের ক্যানভাসজুড়ে সবচেয়ে উজ্জ্বল রংটি ছিল তাওহীদ হৃদয়ের। ৩৫৯ বল মোকাবিলা করে ২২টি চার ও ১১টি ছক্কায় ২৪২ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। মুশফিকুর রহিমের ২১৯ রানের রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাসের পাতায় নিজের নাম লেখান হৃদয়। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই দ্বিশতকে রূপ দিয়ে দেখান অসাধারণ ধৈর্য, সাহস ও ব্যাটিং দক্ষতা।
হৃদয়ের এই ইনিংস ছিল যেন একাই দুর্গ আগলে রাখার গল্প। একের পর এক সতীর্থ যখন ফিরে যাচ্ছিলেন সাজঘরে, তখন উইকেটের এক প্রান্তে অবিচল ছিলেন তিনি। মুশফিক ৩৪ এবং তাইজুল ইসলাম ২২ রান করে তাঁকে কিছুটা সঙ্গ দেন। ১৮৪ রানে ৭ উইকেট হারানোর পর তাইজুল ও তাসকিনকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ৩৮৬ রানে পৌঁছে দেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোমেল ওয়ারিকান চারটি এবং জেডেন সিলস দুটি উইকেট নেন।
তবে হৃদয়ের এই মহাকাব্যিক ইনিংসের আড়ালেও ঢাকা পড়েনি বাংলাদেশের ব্যাটিংয়ের পুরোনো ক্ষত। ওপেনিং জুটিতে দৃঢ় ভিত গড়তে পারেনি স্বাগতিকেরা। তানজিদ হাসান করেন মাত্র ১৬ রান। শাদমান ইসলামের অনুপস্থিতি এবং ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতার অভাবও দলের ওপর প্রভাব ফেলেছে। নাজমুল হোসেন শান্তসহ টপ অর্ডারের অন্য ব্যাটাররাও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে শুরু থেকেই উইকেট হারানোর চাপ সামলাতে হয়েছে হৃদয়কে।
একজন ব্যাটারের ২৪২ রান নিঃসন্দেহে অসাধারণ অর্জন। কিন্তু টেস্ট ক্রিকেটে একটি দলের ব্যাটিং শক্তিমত্তা নির্ধারিত হয় পুরো ব্যাটিং লাইনআপের সম্মিলিত অবদানে। ওপেনারদের কাজ শুধু রান সংগ্রহ নয়, নতুন বলের আক্রমণ সামলে পরের ব্যাটারদের জন্য মজবুত ভিত্তি তৈরি করা। সিলেট টেস্টে সেই ভিত্তিই ছিল নড়বড়ে। হৃদয়ের দীর্ঘ ইনিংস ও লোয়ার অর্ডারের সহায়তায় বড় সংগ্রহ এলেও টপ অর্ডারের ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে।
দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। ৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। কাভেম হজের ১৪২ রানের দৃষ্টিনন্দন ইনিংস ছিল সফরকারীদের সংগ্রহের মূল চালিকাশক্তি। কেভিন উইকহ্যাম ৭৮ এবং ব্র্যান্ডন কিং ৬১ রান করেন। জশুয়া ডা সিলভা যোগ করেন ৩৬ রান। আমির জাঙ্গু অপরাজিত ৩৯ ও জশুয়া বিশপ অপরাজিত ২০ রান করে দলের সংগ্রহকে আরও সমৃদ্ধ করেন।
এই ইনিংস যেন বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে আরেকটি কঠিন আয়না তুলে ধরে। প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দেওয়ার মতো চাপ তৈরি করতে পারেনি স্বাগতিকেরা। হজ ও উইকহ্যামের ব্যাটে যখন রানের চাকা সচল ছিল, তখন বাংলাদেশের বোলাররা খুঁজে ফিরেছেন কাঙ্ক্ষিত সাফল্য। একের পর এক বড় জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয়। ফলে বাংলাদেশের সামনে জয়ের স্বপ্নের বদলে ম্যাচ বাঁচানোর কঠিন সমীকরণ হাজির হয়।
এখানে বিশেষভাবে আলোচনায় এসেছে বাংলাদেশের স্পিন আক্রমণের নিষ্প্রভতা। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান দুটি করে উইকেট পেলেও প্রতিপক্ষের রানের স্রোতে বাঁধ দিতে পারেননি। তাইজুল দিয়েছেন ১১৮, মিরাজ ৮৫ এবং নাঈম ৭২ রান। উইকেট পাওয়া বোলিংয়ের সাফল্যের একটি দিক হলেও টেস্ট ক্রিকেটে দীর্ঘ স্পেলে প্রতিপক্ষকে আটকে রাখা, চাপ তৈরি করা এবং গুরুত্বপূর্ণ জুটি ভাঙাও সমান জরুরি। সেই জায়গায় বাংলাদেশের স্পিনাররা প্রত্যাশার আলো জ্বালাতে পারেননি।
প্রথম ইনিংসেও স্পিনারদের পারফরম্যান্স ছিল মিশ্র। মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট পেলেও তাইজুল ও নাঈম ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান বাংলাদেশের প্রথম ইনিংসে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। দুই দলের স্পিন আক্রমণের তুলনায় এখানেই ফুটে ওঠে পার্থক্য। বাংলাদেশের স্পিনাররা উইকেট পেলেও প্রতিপক্ষের ব্যাটারদের ওপর দীর্ঘস্থায়ী চাপ তৈরি করতে পারেননি। বিপরীতে ওয়ারিকান ছিলেন কার্যকর, সুযোগ পেলেই আঘাত করেছেন বাংলাদেশের ব্যাটিংয়ে।
বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় ব্যাটাররা স্পিনের বিপক্ষে ধৈর্য ও আক্রমণের মধ্যে দারুণ ভারসাম্য রেখেছেন। বাংলাদেশের বোলারদের লাইন-লেংথে ধারাবাহিকতার অভাব এবং উইকেটের চরিত্র অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতিও চোখে পড়েছে। অবশ্য পুরো বোলিং আক্রমণকে ব্যর্থ বলার সুযোগ নেই। প্রথম ইনিংসে হাসান মাহমুদের ছয় উইকেট বাংলাদেশের পেস আক্রমণের সামর্থ্যের উজ্জ্বল প্রমাণ। কিন্তু দ্বিতীয় ইনিংসে পেসাররা কোনো উইকেট পাননি। ফলে ব্যক্তিগত সাফল্যের ধারাবাহিকতা দলীয় বোলিংয়ে রূপ নিতে পারেনি।
শেষ দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। কিন্তু শুরুতেই তানজিদ হাসান ২১ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪ রান করে ফিরে গেলে ম্যাচ বাঁচানোর লড়াই কঠিন হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে আবারও দলের আশার বাতিঘর হয়ে দাঁড়ান তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের ১৩৫ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনায় বাধা হয়ে দাঁড়ায়। হৃদয় ৮২ এবং মুশফিক ৪৯ রান করেন। শেষ পর্যন্ত ১৮৪ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ফলে ড্র হয় সিলেট টেস্ট, আর সিরিজের ট্রফি চলে যায় ক্যারিবীয় শিবিরে।
ব্যক্তিগত অর্জনের বিচারে এই টেস্ট ছিল রেকর্ড আর মাইলফলকের এক বর্ণিল অধ্যায়। হৃদয়ের ২৪২ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। মুশফিকুর রহিম সাত হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করে প্রথম বাংলাদেশি হিসেবে গড়েছেন নতুন কীর্তি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। সিরিজজুড়েই তাঁর বোলিং ছিল প্রতিপক্ষের জন্য অস্বস্তির কারণ।
সব মিলিয়ে সিলেট টেস্ট বাংলাদেশের জন্য একই সঙ্গে গৌরব ও আত্মসমালোচনার উপলক্ষ। হৃদয়ের ব্যাটে ইতিহাস রচিত হয়েছে, হাসানের বলে ঝড় উঠেছে, শেষ দিনে হৃদয়-মুশফিকের প্রতিরোধে রক্ষা পেয়েছে ম্যাচ। কিন্তু এর পাশাপাশি সামনে এসেছে বেশ কিছু পুরোনো সমস্যা। ওপেনিংয়ে স্থিতিশীলতার অভাব, টপ অর্ডারের দ্রুত পতন, একজন বা দুজন ব্যাটারের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং স্পিনারদের রান নিয়ন্ত্রণে ব্যর্থতা দলকে ভুগিয়েছে। দ্বিতীয় ইনিংসে পেসারদের উইকেট না পাওয়াও নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শক্তির জায়গা ছিল দলীয় ভারসাম্য ও সম্মিলিত দায়িত্ববোধ। প্রথম ইনিংসে জাঙ্গু ও উইকহ্যাম, দ্বিতীয় ইনিংসে হজ, উইকহ্যাম ও কিংয়ের ব্যাটে এসেছে মূল্যবান রান। বোলিংয়ে ওয়ারিকান গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় বাধা দিয়েছেন। শুরুতে উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ানো এবং একাধিক বড় জুটি গড়ে তোলার সামর্থ্য দেখিয়েছে সফরকারীরা।
সিলেটের সবুজ মাঠে হৃদয়ের ব্যাটে লেখা হয়েছে ব্যক্তিগত বীরত্বের এক অনন্য উপাখ্যান। হাসানের বলেও ঝরেছে সাফল্যের ফুল। কিন্তু পাঁচ দিনের ক্রিকেটে বিচ্ছিন্ন কিছু উজ্জ্বল মুহূর্ত দিয়ে সিরিজ জেতা যায় না। প্রয়োজন প্রতিটি সেশনে, প্রতিটি বিভাগে সম্মিলিত লড়াই। বাংলাদেশ সেই লড়াইয়ে কিছু মুহূর্তে আলো ছড়ালেও ধারাবাহিকতার পরীক্ষায় পিছিয়ে পড়েছে। হৃদয়ের ২৪২ কিংবা হাসানের ছয় উইকেট তাই স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে, কিন্তু সিরিজের মুকুট শেষ পর্যন্ত উঠেছে ওয়েস্ট ইন্ডিজের মাথায়।
#আলোকিত সকাল/ফাহাদ






































