
সাআদ মাহমুদ হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি
‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। একই সঙ্গে উত্তোলন করা হয় সমবায় পতাকা।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলের প্রতিনিধি দলের সদস্যরা, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ সাকিবুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সমবায় সমিতির সদস্যরা।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা এবং সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি স্বনির্ভর ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।



































