
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওর, বাইনচাপড়া বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কোনাজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
জানা যায়, টাঙ্গুয়ার হাওর,বাইনচাপড়া বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোণা জাল (বেড় জাল) ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৫ জনকে দুটি মামলায় মোট ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ৫ হাজার ফুট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: মুনিবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুর রহমান প্রমুখ।





























