
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
"রুখে দিয়ে ড্রেজার, নিশ্চিত করি বাঁচার অধিকার" এই প্রত্যয়ে কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছেন কুমিল্লার মুরাদনগরউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধৈর পূর্ব ইউনিয়নের জানঘর, কোরবানপুর, খোষঘর ও পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের হাটাশ, মালিপাড়াএলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অপরাধে আক্তার হোসেন নামের এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪ টি ড্রেজার অপসারণসহ ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট ও এক্সেভেটরের ২ টি জব্দ করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, অনিয়ন্ত্রিত মাটি কাটার ফলে শুধু কৃষি জমিই নয় বরং কৃষকের জীবিকা, আমাদের অন্ন এবং জীববৈচিত্র্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সে কারণে উপজেলা প্রশাসন সব সময় এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।



































