
পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ সেভারর্স-এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজে "শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিক" বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। তিনি পরিবেশ দূষণের প্রভাব ও এর প্রতিকার নিয়ে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন।
কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রীণ সেভারর্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান রনি। তিনি শব্দদূষণ ও প্লাস্টিক দূষণের প্রতিকূল প্রভাব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কর্মশালার আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।





























