
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের বাসাইল এলাকার হাসান সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পান তিনি ও তার পরিবার। এঘটনার৷ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় আমার পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এসময় অজ্ঞাতনামা ০৩ জন দূর্বৃত্ত সেখানে এসে তাদের পরিহিত শার্টের পিছন থেকে ধারালো চাপাতি বাহির করে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। আমি সরে গেলে উক্ত কোপ আমার ব্যবহৃত গাড়ীর বাম পাশের দরজায় লেগে ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীকালে আমাকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পূনরায় চাপাতি দিয়ে কোপ দিতে চাইলে আমি সামনে বাধা হয়ে দাঁড়াই। এসময় তারা আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকি দেয়। এই সময় উপস্থিত লোকজন আমাদেরকে রক্ষার জন্য এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পাশের রেস্টুরেন্টের সিসি টিভির ফুটেজে দেখা যায়, রাত পৌনে ১০টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ী রেখে অবস্থান করছিলেন তারা। এসময় মুখে কাপড় বাধা অবস্থায় আচমকা সশস্ত্র তিন যুবক এসে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তা গাড়িতে লাগে। পরে আবার তারা হামলার চেষ্টা চালায়। এসময় আশেপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই স্থান ত্যাগ করে দূর্বৃত্তরা।এঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।





























