
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে নিজের সবজি বাগানে যান আবু তাহের মিয়া। এসময় ঝড়সহ বৃষ্টিপাত শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিন ঘরে অবস্থান নেন তিনি সহ আরও দুজন। ঝড়ের একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সাথে থাকা অপর দুজন আহত হন। আহতরা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



































