
এমডি,আরাফাত আলী:
সাতক্ষীরার তালায় একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের রহমত খাঁ’র স্ত্রী।
সেলিনা বেগমের ভগ্নিপতি আবুল কাশেম জানান, গতকাল সন্ধ্যায় অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি বাজারে যান। বাজারে যেয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেনি তার শ্যালিকা ৷ এসময় তারা বিভিন্ন স্থানে ও আত্নীয় স্বজনদের বাড়িতে খোঁজা খুঁজি করতে থাকেন। কিন্তু ওই সময় কোন জায়গায় তার কোন সন্ধান পাননি তারা । সোমবার ভোরে স্থানীয়রা কালভার্টের পাশে সেলিনা বেগমের মরদেহ পরে থাকতে দেখে তাদের খবর দেয়। ঘটনাস্থলে যেয়ে নিহতের মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেলিনা বেগমের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যাবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





























