
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার (২৩ জুন) উলিপুর শহরের মসজিদুল হুদার সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, উলিপুর বর্তমানে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। চিলমারী নৌবন্দর, রমনা রেলস্টেশন, তিস্তা সেতু এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতুকে ঘিরে প্রতিদিন বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক, ট্রলি ও ভারী যানবাহন পৌর শহরের ভেতর দিয়ে চলাচল করছে। ফলে শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি।মানববন্ধনে সঞ্চালনা করেন উলিপুর মোটর শ্রমিক সভাপতি হামিদুর রহমান লিটন। সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, সাবেক পৌর মেয়র তারিক আবুল-আলা চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল করিব লিটন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা আহ্বায়ক সাখাওয়াত হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।বক্তারা বলেন, উলিপুর পৌর শহরের সড়কগুলো তুলনামূলক সরু ও অপরিকল্পিত হওয়ায় বর্তমান যানচাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।তারা আরও বলেন, হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণ করা হলে ভারী যানবাহন শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে যানজট কমবে, দুর্ঘটনা হ্রাস পাবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি উলিপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।সমাবেশে বক্তারা দাবি করেন, ২০২৩ সালে প্রায় ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে আড়াই বছর মেয়াদি চিলমারী সংযোগ সড়ক প্রকল্প গ্রহণ করা হলেও জমি অধিগ্রহণ জটিলতা ও স্থানীয় আপত্তির কারণে কাজের অগ্রগতি হয়নি। এমনকি বরাদ্দকৃত প্রায় ১০ কোটি টাকা ফেরত যাওয়ার ঘটনাকে তারা জেলার উন্নয়নের জন্য হতাশাজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেন।প্রায় ৩ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটির কাজ গত বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।সমাবেশ থেকে বাইপাস সড়ক প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন ও বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ শুরু করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।স্থানীয়দের আশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়িত হলে উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের অবসান ঘটবে।




























