
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় ইটবাহী ডাম্পার মিনি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের কালাবিবির দিঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯), ইটান ধর (১০) ও সিএনজি অটোরিকশাচালক টুন্টু জলদাশ (৩০)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে দ্রুতগতিতে সিএনজি অটোরিকশাটি বাঁশখালীর দিকে যাচ্ছিল। এ সময় কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে ইটবাহী ডাম্পার মিনি ট্রাকটি ইউটার্ন নেওয়ার সময় সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি প্রায় ১০০ হাত দূরে ছিটকে গিয়ে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। গুরুতর আহত ইকন ধর ও টুন্টু জলদাশকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পায়েল জানান, আহত চারজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




























