
শাহিন মিয়া (বিশেষ প্রতিনিধি):
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাথী দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অষ্টগ্রাম উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব আনোয়ার হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তাঁরা আরও বলেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর সমাজ প্রতিষ্ঠা করা।
“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




























