
স্টাফ রিপোর্টার :
নেতৃত্বের আসনে ফিরতে সব সময় ভোটের লড়াই প্রয়োজন হয় না,কখনো কখনো মানুষের আস্থা ও ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে বড় স্বীকৃতি। তেমনই এক চমক দেখালেন আলহাজ্ব মো.খসরুল আলম।তাহিরপুর কয়লা ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের ২০২৬ সালের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই পুনর্নির্বাচনকে ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
১ নম্বর শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.খসরুল আলম এর আগেও সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।নতুন মেয়াদেও তাঁর ওপর আস্থা রেখে দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্বে তাঁর ধারাবাহিকতা বজায় থাকল।
পুনর্নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে ঘিরে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে তাঁকে অভিনন্দন জানান। কেউ প্রকাশ করেন আনন্দ, কেউ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাঁর আগামী দিনের পথচলার সফলতা কামনা করেন। শুভেচ্ছা ও ভালোবাসার এসব বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয় ইতিবাচক সাড়া।
এদিকে,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মো.খসরুল আলমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শামসুল হক।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর এক কৃতজ্ঞতাপূর্ণ বার্তায় আলহাজ্ব মো. খসরুল আলম বলেন,শুকরিয়া—আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সকল শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা, আস্থা ও সমর্থনে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।তিনি আরও বলেন,আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার কাছে শুধু সম্মান নয়, বরং অনেক বড় দায়িত্ব। আপনাদের ইচ্ছা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটিয়ে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের উন্নয়ন এবং ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা,আন্তরিকতা ও সহযোগিতা আমি এবং আমার পরিবার আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব।তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহর কাছে সকল ব্যবসায়ীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলভাবে ব্যবসা পরিচালনার তৌফিক প্রার্থনা করেন।
একটি দায়িত্বের পুনরাবৃত্তি মানেই নতুন করে প্রত্যাশা ও অঙ্গীকারের সূচনা। নতুন মেয়াদে খসরুল আলমের নেতৃত্বে সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় হবে,ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং তাহিরপুরের কয়লা ও চুনাপাথর আমদানি বাণিজ্যের অগ্রযাত্রায় সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।




























