
আতিক ফয়সাল।
দলীয় মতবিনিময় সভার বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় তাঁর নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে উপদেশমূলক ও উৎসাহমূলক বক্তব্য দেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাঁর ২০ মিনিটের বেশি সময়ের বক্তব্যের মাঝখান থেকে মাত্র ৩০ সেকেন্ডের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে ও দলকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নিজের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে গোলাম মোস্তফা সিকদার বলেন, ১৯৮৯ সালে বাবার মৃত্যুর পর তাঁদের পারিবারিক শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্স ইন্ডাস্ট্রিজের হাত ধরে তিনি রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ২০০৪ সাল থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নেতৃত্বে তিনি সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেন। সে সময় আবুল হোসেন খান তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোনীত করেন এবং তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুঃশাসন আমলে দলের কেউ চেয়ারম্যান প্রার্থী হতে সাহস না পেলে আবুল হোসেন খানের নির্দেশে ও দলের স্বার্থে তিনি নির্বাচনে অংশ নেন এবং নানা নির্যাতন সহ্য করেও দলের কাজ চালিয়ে যান। বর্তমান সময়ে দলের সুদিন ফিরে আসায় অনেকেই চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, "আমি কাউকে প্রার্থী হতে নিষেধ করিনি বা কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। আমার প্রতি গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিহিংসাপরায়ণভাবে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির বিষয়ে সতর্ক করে তিনি জানান, "GM Sikdar" নাম ছাড়া ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে তাঁর আর কোনো আইডি নেই। ভুয়া আইডি থেকে তাঁর পক্ষে বা বিপক্ষে প্রচারিত কোনো লেখার দায়ভার তাঁর নয়।
বক্তব্যের শেষে তিনি বলেন, পুরো বক্তব্যের মধ্যে অসাবধানতাবশত বা ভুলক্রমে কোনো অনাকাঙ্ক্ষিত শব্দ উচ্চারিত হয়ে থাকলে সেজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।


























