
স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া এলাকায় বসবাস কারি জামিনে কারাগার থেকে বের হয়েই ফের বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও চোর শাকিল। মৃত বিল্লাল হোসেনের এই ছেলে জেল থেকে ছাড়া পাওয়ার পর ভালো হওয়ার পরিবর্তে পুনরায় পুরোদমে তার পুরনো অপরাধ কর্মকাণ্ড শুরু করেছে। এতে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে সে জেলহাজতে ছিল। কিন্তু সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চাপুলিয়া এলাকায় নতুন করে মাদক কেনাবেচা এবং চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার পাশাপাশি তার কারণে চুরি-ছিনতাইয়ের ভয়ে রাতে ঘুমাতে পারছেন না সাধারণ মানুষ।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, শাকিলের এই সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলেই তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়। মাদকসেবীদের আনাগোনা বাড়ায় এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা চরম সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে।এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে চিহ্নিত এই অপরাধীকে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং চাপুলিয়া এলাকায় স্থায়ী শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন।





























