
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এর ব্লু জোনে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) বিকেলে প্যাভিলিয়ন পরিদর্শনকালে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হন সেখানে উপস্থিত বাংলাদেশি প্রতিনিধিরা। এ সময় তরুণ জলবায়ুকর্মী হিসেবে প্রধানমন্ত্রীর বুকে বাংলাদেশের কোট পিন পরিয়ে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নওগাঁর নজিপুরের কৃতী সন্তান মামুনুর রেজা স্বাধীন।
আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মামুনুর রেজার এমন অংশগ্রহণ নজিপুর তথা নওগাঁর মানুষের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
জানা গেছে, COP31 সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে তরুণ জলবায়ুকর্মী হিসেবে মামুনুর রেজা স্বাধীনের এই উপস্থিতি দেশের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।
নজিপুরের এই কৃতী সন্তানের এমন অর্জনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।




























