
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) :
সকালের ব্যস্ততা তখনো পুরোপুরি শুরু হয়নি। পটিয়ার কাশিয়াইশের নয়া হাটে রুনা বাবুর মিষ্টির দোকানের সামনে ক্রেতাদের পাশাপাশি জড়ো হতে থাকে অসংখ্য ময়না ও কাক। প্রতিদিন সকাল হলেই খাবারের আশায় পাখিরা ভিড় করে দোকানের সামনে। মানুষের সঙ্গে পাখিদের এমন মিতালি দেখতে সেখানে থমকে দাঁড়ান পথচারীরাও। কেউ উপভোগ করেন দৃশ্যটি, কেউ আবার মুঠোফোনে ধারণ করেন সেই মুহূর্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবার খেতে ব্যস্ত নানা পাখি। মানুষের আনাগোনার মধ্যেও পাখিগুলো নির্ভয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে। প্রকৃতির প্রতি ভালোবাসা আর মমত্ববোধ থেকে দীর্ঘদিন ধরে পাখিদের খাবার দিয়ে আসছেন দোকানটির মালিক রুনা বাবু।
রুনা বাবু বলেন, প্রকৃতিকে আমি অনেক ভালোবাসি। আমার বুদ্ধি হওয়ার পর থেকেই পাখিদের খাবার দিয়ে আসছি। পাখিদের খাবার খেতে দেখলে আমার খুব ভালো লাগে, আনন্দ পাই। ব্যবসা করে যে তৃপ্তি পাই না, পাখিদের খাবার খাওয়ালে তার চেয়ে বেশি তৃপ্তি অনুভব করি। এখানে আমার কোনো হাত নেই, যার রিজিক সে খায়।
পথচারী আয়ুব খান বলেন, সকালে সহকর্মীদের সঙ্গে কাজে যাওয়ার পথে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়াই। অনেক মানুষ মুঠোফোনে ছবি তুলছেন। আসলেই প্রকৃতি অনেক সুন্দর। মানুষের একটু ভালোবাসা ও সহযোগিতা পেলে পাখিরাও নিরাপদে বেঁচে থাকতে পারে।
প্রকৃতিপ্রেমী আমজাদ হোসেন বলেন, পাখির প্রতি মানুষের এমন ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ দিন দিন মানুষের নানা কর্মকাণ্ডে পাখিদের আবাসস্থল ও খাবারের উৎস কমে যাচ্ছে। এমন উদ্যোগ শুধু পাখিদের খাবারের জোগানই দিচ্ছে না, অন্যদেরও প্রাণ-প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের শিক্ষা দিচ্ছে।
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যে কেবল প্রয়োজনের নয়, ভালোবাসারও—কাশিয়াইশের নয়া হাটে রুনা বাবুর মিষ্টির দোকানের সামনের প্রতিদিনের এই পাখির মেলা যেন তারই এক জীবন্ত উদাহরণ।




























