
মো :আজিজুর রহমান। নড়াইল জেলা প্রতিনিধি।
ধারণক্ষমতার তিন থেকে সাড়ে তিন গুণ রোগীর চাপ, অর্ধেকের বেশি চিকিৎসকের পদ শূন্য থাকা এবং প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালের চিকিৎসাসেবা। হাসপাতালের নির্ধারিত ওয়ার্ড ও শয্যায় জায়গা না পেয়ে বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এদিকে ৯ তলাবিশিষ্ট একটি অত্যাধুনিক নতুন হাসপাতাল ভবন প্রস্তুত থাকলেও প্রশাসনিক অনুমোদন ও জনবল সংকটের কারণে তা এখনো চালু করা সম্ভব হয়নি।
সরেজমিনে গত ৯ নভেম্বর সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০০ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ৩৫০ জন রোগী। নির্ধারিত ওয়ার্ড ও শয্যা পূর্ণ থাকায় অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি চিকিৎসকদের কক্ষের সামনের ফাঁকা জায়গায় বিছানা পেতে থাকতে হচ্ছে। অনেকে আবার বাড়ি থেকে নিজেরা বিছানা এনে মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
অতিরিক্ত রোগীর এই চাপের কারণে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। চার দিন ধরে মেঝেতে চিকিৎসাধীন এক নারী রোগীর স্বজন অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী খাবার ও হাসপাতালের নির্ধারিত ওষুধ না পেয়ে তাঁদের বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, এ প্রতিষ্ঠানে মানুষের নির্ভরতা প্রতিনিয়ত বাড়ছে। গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত—এই পাঁচ মাসে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ৩৪ হাজার ৯৩১ জন। একই সময়ে বহির্বিভাগ ও আন্তবিভাগ মিলিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৯২৩ জন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে আন্তবিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২০ হাজার ৩০৯ জন। শুধু মে মাসেই জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছিলেন ৮ হাজার ৩৩৯ জন।
অস্ত্রোপচারের ক্ষেত্রেও রয়েছে বিপুল চাপ। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ মাসে সিজারিয়ান, জেনারেল সার্জারি, গাইনি, অর্থো-সার্জারি, ডেন্টাল ও ইএনটি বিভাগে মোট ৩০৭টি মেজর অপারেশন এবং ৩ হাজার ৭৯টি মাইনর অপারেশন সম্পন্ন হয়েছে। সীমিত জনবল নিয়ে এত বিশালসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
হাসপাতালের চিকিৎসাসেবার সবচেয়ে বড় ক্ষত হলো তীব্র চিকিৎসক সংকট। ৩৯টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৪ জন (বিভাগভিত্তিক হিসাবে ১৮ জন), আর শূন্য রয়েছে ১৫ থেকে ২১টি পদ। আটটি সিনিয়র কনসালট্যান্ট পদের বিপরীতে রয়েছেন মাত্র দুজন এবং ১২টি জুনিয়র কনসালট্যান্ট পদের বিপরীতে আছেন চারজন। ১৯ জন মেডিকেল অফিসারের মধ্যে কর্মরত ১২ জন। বিশেষ করে জরুরি বিভাগের জন্য নির্ধারিত ৫টি ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদই শূন্য রয়েছে, যা জরুরি সেবা পরিচালনার ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয়।
চিকিৎসক ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, রিসিপশনিস্ট এবং ল্যাব অ্যাটেনডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদগুলো খালি পড়ে আছে। ১০টি অফিস সহায়কের বিপরীতে আছেন মাত্র চারজন এবং ৭ জন পরিচ্ছন্নতাকর্মীর বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। চতুর্থ শ্রেণির কর্মচারীর ক্ষেত্রে আউটসোর্সিংয়ের ওপর নির্ভর করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীরা অনেক সময় নির্ধারিত দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।
তাছাড়া, হাসপাতালের বর্জ্য অপসারণের জন্য পুরোপুরি পৌরসভার ওপর নির্ভর করতে হয়। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত বর্জ্য না তুললে হাসপাতাল চত্বরে ময়লার স্তূপ জমে যায়, যা রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
পুরাতন ভবনের এই চরম দুর্ভোগের বিপরীতে একটি ৯ তলা নতুন হাসপাতাল ভবন নির্মাণ সম্পন্ন হয়ে হস্তান্তরিত হয়েছে। লিফট স্থাপন এবং আসবাবপত্র আসার কাজও প্রায় শেষের পথে। তবে ভবনটি চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, ২৫০ শয্যার রূপান্তর এবং পর্যাপ্ত চিকিৎসক ও কর্মচারী নিয়োগের আদেশ এখনো পাওয়া যায়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ফ. ম. মশিউর রহমান বাবু জানান, নতুন ভবন চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারীও হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি দেখে গেছেন।
নড়াইলবাসীর এখন একটাই দাবি—শুধু নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন নয়, বরং পর্যাপ্ত চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও লজিস্টিক নিশ্চিত করে ভবনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, যাতে সাধারণ মানুষ দুর্ভোগহীন মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে।




























