
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
আনোয়ারা-পটিয়া মহাসড়কের জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর আশপাশে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তিন কিলোমিটার সড়কে ২৭টি বাঁক, এর মধ্যে ছয়টি ‘আন্ধা’ বাঁক নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত সড়কের বিভিন্ন বাঁকের পাশে জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলছে। এসব ঝোপঝাড়ের কারণে বাঁকে দাঁড়িয়ে থাকা চালকেরা বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পেতেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। জঙ্গল পরিষ্কারের ফলে দৃষ্টিসীমা বাড়বে এবং যানবাহন চলাচল আরও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বাঁকগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে অপরিচিত চালকেরা এসব বাঁকে বেশি বিপাকে পড়েন। সংবাদ প্রকাশের পর জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তবে শুধু জঙ্গল পরিষ্কার নয়, ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড ও সংকেতচিহ্ন স্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর আশপাশে জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ বাঁকের আশপাশ পরিষ্কার করা হবে। পাশাপাশি যেসব স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড ও সংকেতচিহ্ন নেই, সেসব স্থানে প্রয়োজনীয় সংকেতচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল নিরাপদ করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, জঙ্গল পরিষ্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিত করে স্থায়ীভাবে নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষের চলাচল আরও নিরাপদ হবে।




























