
। মোতালেব হোসেন(কুমিল্লা) ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি করপোরেশনের অভিযানে নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানি অপসারণ করা হয়েছে। একই সঙ্গে এডিস মশার লার্ভা ও পানি জমিয়ে রাখার দায়ে তিন ভবন মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং শোকজ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্মাণসামগ্রী রাখার স্থান, লিফটের খোপসহ ভবনের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। এসব স্থানে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঝাউতলা পানি ভবন সড়কে এক চিকিৎসকের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় একটি ভবনে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঝাউতলা নিরাময় হাসপাতালের গলিতে একটি নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় ভবন মালিককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, সিটি করপোরেশনের মশক নিধন দল আমাদের সহযোগিতা করেছে। পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদদের টিমের সহযোগিতা নিয়ে লার্ভা পরীক্ষার কার্যক্রম আরও জোরদার করা হবে। যারা আমাদের সতর্কতা মানছেন না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. আবদুস সালাম, ফুড অ্যান্ড স্যানিটারি অফিসার নাজিম উদ্দিন, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জুয়েলসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























