
মজমুল হক গঙ্গাছড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গোডাউন হাটে আব্দুস সামাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত সাবেক খেলোয়াড়দের নিয়ে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সাবেক খেলোয়াড়দের দুটি দলে ভাগ করে ১৬ ওভার করে ম্যাচ আয়োজন করা হয়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মজমুল ও দ্বীন ইসলাম একাদশ। নির্ধারিত ১৬ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে।
জবাবে জহুরুল ও স্বপন একাদশ ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। পরে স্বপনের দুটি নান্দনিক ছক্কা এবং জহুরুলের দৃঢ়চিত্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে জহুরুল ও স্বপন একাদশ।
খেলায় বল হাতে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে মজমুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এসময় সাবেক খেলোয়াড়গণ মাঝে মাঝে এরকম খেলার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।




























