
আনোয়ারা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. তানবীর উদ্দিন আরিফ।
সম্প্রতি তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানান এবং এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তানবীর উদ্দিন আরিফের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় ১৯ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে বলেও তিনি জানান।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ ও ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা বলেন তানবীর।ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা জানিয়েছেন তানবীর উদ্দিন আরিফ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সময়ে তিনি অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি পরৈকোড়া ইউনিয়নের পূর্বকন্যারা লালানগর বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা দেওয়ার কথাও স্থানীয়রা জানিয়েছেন।এছাড়া বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে সহযোগিতা এবং অসচ্ছল পরিবারের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়ার মতো কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন বলে স্থানীয়দের কয়েকজন দাবি করেন। এসব কর্মকাণ্ডের বিষয়ে তানবীর উদ্দিন আরিফও সামাজিকভাবে মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেছেন।
পারিবারিক পরিচয়ে তানবীর উদ্দিন আরিফ মরহুম মো. আবু তাহের মাস্টারের ছেলে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবা তালসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুন্দুরা সারদা চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি আনোয়ারা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতিও ছিলেন।
তানবীরের মা রাজিয়া সুলতানা ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যা। তিনি ১৯৯২-১৯৯৭ এবং ২০০৩-২০১১ মেয়াদে দায়িত্ব পালন করেছেন বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।
তানবীর উদ্দিন আরিফ বলেন, “জনগণের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের আস্থা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করব। পরৈকোড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে চাই।”
এদিকে ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য অন্যান্য প্রার্থীদের নিয়েও স্থানীয়ভাবে আলোচনা চলছে। তবে নির্বাচনের তফসিল, প্রার্থিতা ও দলীয় সিদ্ধান্তসহ আনুষ্ঠানিক প্রক্রিয়ার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।




























