
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে,স্থানেই সাথে,সাথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেতুর পিরোজপুর প্রান্ত থেকে দুটি মোটরসাইকেল কাউখালীর দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মালামাল পরিবহনের একটি দ্রুতগতির ট্রলি একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয় বলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক মোটরসাইকেল আরোহী জানান। ধাক্কায় মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। তবে ঘটনার পর ট্রলিটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।
নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে সান্তনু রায় শান্ত (২৩), কেউন্দিয়া গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি (নবম শ্রেণির ছাত্র) এবং একই গ্রামের বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। সাজিদ ও সুনান সম্পর্কে খালাতো ভাই। সাজিদ কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং শান্ত পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন।
আহত দুজন হলেন উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মাহফুজুর রহমান (২৫) ও পিরোজপুর সদরের মধ্য রাস্তা নিবাসী জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং মাহফুজুর রহমান খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। এর আগেই স্থানীয় লোকজন আহত অন্য তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, শান্তকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁকে খুলনায় নিয়ে যান এবং আহত অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে সুনান ও সাজিদকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার তদন্ত ও ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে।



























