
বিশেষ প্রতিনিধি:
মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ফেনীর পরশুরামে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পরশুরাম মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর নবাগত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার পরশুরাম মডেল থানাধীন নিজকালিকাপুর বল্লামুখা জিরো পয়েন্টে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম, বিজিবির নিজকালিকাপুর বিওপির কোম্পানি কমান্ডারসহ জেলা পুলিশ ও বিজিবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।



























