
জেলা প্রতিনিধি, নীলফামারী
চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবেন তরুণেরা—এমন প্রত্যাশা নিয়ে নীলফামারীর ছয় উপজেলায় ৬০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার ধরন ও প্রয়োজনীয়তা বিবেচনায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। ইতিমধ্যে জেলায় প্রায় এক হাজার আবেদন ফরম বিতরণের বিপরীতে ১৫০টি আবেদন জমা পড়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় জেলা শহরের স্কাইভিউ কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলার সকল লিড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা ব্যাংক সদর লিড ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক, রংপুর’এর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বীরেন্দ্র নাথ রায়। মূল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুক্তা সাদী সারওয়ারীন তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. লুৎফুল হোসেন।
সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক পিএলসির ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক এবং জেলা লিড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আকরামুল ইসলাম ও উত্তরা ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন। এতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বীরেন্দ্র নাথ রায় বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে অনেক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ রয়েছেন, যাঁদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সক্ষমতা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় পুঁজি, প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার অভাবে তাঁরা নিজেদের উদ্যোগকে এগিয়ে নিতে পারেন না। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, উপজেলা পর্যায় থেকে এসব সম্ভাবনাময় তরুণকে খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, “আমরা চাই, তরুণেরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিন এবং অন্যদের জন্য কাজের সুযোগ তৈরি করুন। নীলফামারীর ছয়টি উপজেলাতেই অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছেন। তাঁদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মসূচির আবেদন প্রক্রিয়া, উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের শর্ত তুলে ধরেন মূল আলোচক মুক্তা সাদী সারওয়ারীন তৌহিদ।
উত্তরা ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন বলেন, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হয়। দ্বিতীয় পর্যায়ে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলায় কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় রয়েছে নীলফামারী জেলাও।
গত ১ নভেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত জেলার ছয় উপজেলায় বিভিন্ন লিড ব্যাংকের শাখার মাধ্যমে প্রায় এক হাজার আবেদন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৫০টি আবেদন জমা পড়েছে। আগামী ৩০ নভেম্বর আবেদন জমার শেষ দিন। আবেদন যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে ১০ জন করে জেলায় মোট ৬০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচনের পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় ১৫ কার্যদিবস সময় লাগতে পারে।
কর্মশালায় ব্যাংক কর্মকর্তারা ও তরুণ উদ্যোক্তারা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নতুন ব্যবসায়িক ধারণা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।



























