
শফিকুল স্টাফ রিপোর্টার ঃকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র করলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফোরামের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
সমাবেশে কর্নেল (অব.) জগলুল আহসান বলেন, বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবারও কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম তার দাঁতভাঙা জবাব দেবে। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা যেভাবে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে বসিয়েছিলেন, তেমনি বর্তমানে আওয়ামী লীগ ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর প্ররোচনায় তৈরি দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর পাশে থাকবে এই ফোরাম।
ফোরামের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এই সংগঠনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এয়ার কমোডর (অব.) মনিরুজ্জামান কাশেমী, মেজর (অব.) জায়েদী আহসান হাবীব, অনারারি ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আবদুল গনি, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবীর, মাস্টার চিফ পেটি অফিসার শরীফ উদ্দীন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইকবাল হোসেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




























