
গাজী হাবিব, সাতক্ষীরা:
চিংড়ির রেণুতে ভাইরাস ও রোগজীবাণু শনাক্ত এবং গুণগত মান পরীক্ষার জন্য প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি অত্যাধুনিক বিশ্বমানের পরীক্ষাগার। লক্ষ্য ছিল, ঘেরে চিংড়ি পোনা ছাড়ার আগেই বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে রোগমুক্ত ও মানসম্মত রেণু নিশ্চিত করা। কিন্তু নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় তালাবদ্ধ পড়ে আছে গুরুত্বপূর্ণ এ দুটি ল্যাব। ফলে কোটি কোটি টাকার সরকারি বিনিয়োগে নির্মিত স্থাপনা থেকে কোনো সুফল পাচ্ছেন না জেলার চিংড়ি চাষিরা।
অন্যদিকে, পরীক্ষার সুযোগ না থাকায় বাজার থেকে খালি চোখে দেখে রেণু কিনে ঘেরে ছাড়তে বাধ্য হচ্ছেন চাষিরা। এসব পোনার মাধ্যমে ভাইরাস ও রোগজীবাণু ছড়িয়ে পড়ছে ঘেরে। একের পর এক দেখা দিচ্ছে চিংড়ির মড়ক। নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার চিংড়ি, পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেক চাষি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি ভাইরাসের সংক্রমণ সাতক্ষীরার চিংড়ি শিল্পকে ক্রমেই গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
জেলা মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ নভেম্বর সাতক্ষীরার এল্লারচরে অবস্থিত চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়। চিংড়ি চাষিদের স্বার্থ সংরক্ষণ, রোগমুক্ত পোনা উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য চিংড়ির মান নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, চাষিরা ঘেরে পোনা ছাড়ার আগে এসব পরীক্ষাগারে রেণুর ভাইরাস, রোগজীবাণু ও গুণগত মান পরীক্ষা করাতে পারবেন। বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে সুস্থ ও মানসম্মত পোনা নিশ্চিত করা গেলে চিংড়ি চাষে রোগের ঝুঁকি কমবে, বাড়বে উৎপাদন এবং আর্থিক ক্ষতির আশঙ্কাও অনেকাংশে হ্রাস পাবে। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা এখনো আলোর মুখ দেখেনি।
ল্যাব স্থাপনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ না হওয়ায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মূল্যবান সরঞ্জাম ও রাসায়নিক উপকরণের বড় একটি অংশ এখনো প্যাকেটবন্দি অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সংবেদনশীল যন্ত্রপাতির কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনা কার্যত কোনো কাজে আসছে না।
সাতক্ষীরা দেশের অন্যতম প্রধান বাগদা চিংড়ি উৎপাদনকারী জেলা। জেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, জেলায় প্রায় ৫৫ হাজার ঘেরে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি চাষ হয়। প্রতি মৌসুমে এসব ঘেরে ছাড়া হয় ৩০০ কোটিরও বেশি রেণু পোনা। এই বিশাল উৎপাদন ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হাজার হাজার চাষি, শ্রমিক, পোনা ব্যবসায়ী ও রপ্তানিকারক।
কিন্তু এত বড় একটি শিল্পের জন্য রেণুর রোগ পরীক্ষা ও গুণগত মান নিশ্চিত করার আধুনিক ব্যবস্থা থাকলেও সেটি কার্যকর না হওয়ায় চাষিরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বাজার থেকে কেনা পোনার মধ্যে ভাইরাস রয়েছে কি না, কিংবা সেগুলো আদৌ সুস্থ ও মানসম্মত কি না, তা যাচাইয়ের সুযোগ নেই তাদের। ফলে অনেক সময় দুর্বল কিংবা রোগাক্রান্ত পোনা ঘেরে ছাড়ার কিছুদিনের মধ্যেই দেখা দিচ্ছে চিংড়ির মড়ক। কোনো কোনো ঘেরে একসঙ্গে বিপুল পরিমাণ চিংড়ি মারা যাচ্ছে। এতে একদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে চাষিদের বিনিয়োগও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, ১৯৮৩ সালে সাতক্ষীরার এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এ খামার স্থানীয় মৎস্য অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০২৪ সালের ২১ নভেম্বর এখানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়।
তিনি বলেন, প্রয়োজনীয় জনবল না থাকায় ল্যাব দুটি এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। আধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণের অধিকাংশই প্যাকেটবন্দি অবস্থায় পড়ে রয়েছে। এভাবে পড়ে থাকায় মূল্যবান সরঞ্জামের কার্যকারিতা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা জানিয়েছেন, দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চিংড়িশিল্পকে বাঁচিয়ে রাখতে রেণুর ভাইরাস পরীক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মানসম্মত ও রোগমুক্ত পোনা নিশ্চিত করা না গেলে চাষিরা বারবার লোকসানের মুখে পড়বেন। দ্রুত ল্যাব দুটি চালু করা না হলে চিংড়ি চাষিরা আরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, চিংড়ির পোনার রোগজীবাণু ও গুণগত মান বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করার জন্য এল্লারচরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্বমানের ল্যাব স্থাপন করা হয়েছে। কিন্তু ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, কম্পিউটার অপারেটর ও পিয়নসহ কোনো পদেই এখনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল চেয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। জনবল সংকটের কারণে আধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে রয়েছে।
জেলার চিংড়ি চাষীদের মতে, ল্যাব দুটি চালু হলে চাষিরা ঘেরে পোনা ছাড়ার আগেই রেণুর ভাইরাস ও রোগজীবাণু পরীক্ষা করাতে পারবেন। এতে রোগাক্রান্ত পোনা ব্যবহারের ঝুঁকি কমবে, উৎপাদন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং চাষিদের আর্থিক নিরাপত্তা বাড়বে।
তাই আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে দ্রুত প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সচল রাখা এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তা না হলে একদিকে যেমন সরকারের বিপুল অর্থ বিনিয়োগের উদ্দেশ্য ব্যর্থ হবে, অন্যদিকে ভাইরাস ও রোগের ঝুঁকিতে আরও বিপর্যস্ত হবে সাতক্ষীরার চিংড়ি শিল্প।



























