
শফিকুল স্টাফ রিপোর্টারঃবেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সড়কে আটকে পড়া যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি, বাঘের বাজার, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
একযোগে কয়েকটি স্থানে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এদিকে, বাঘের বাজার এলাকার 'গ্রীন ফাইবার কম্পোজিট লিমিটেড' কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন, ২০০৬-এর ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
সকাল থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। অবরোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাজীপুর জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি ওই সব এলাকার বিএনপির নেতাকর্মীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে অবস্থানরত শ্রমিকদের সড়ক থেকে অবরোধ তুলে নিতে সহযোগিতা করছেন।



























