
মোক্তার হোসেন গোলাপ, হাওরাঞ্চল প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নাসরুল আনোয়ার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্ব দেবেন তিনি।
রোববার (১ নভেম্বর) বাজিতপুর উপজেলার বিলপাড়-ডুয়াইগাঁওয়ে কিশোরগঞ্জ-বাজিতপুর সড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করা হয়।
এ সময় মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন, লেখক ও প্রতিবন্ধিতা বিষয়ক গবেষক ম. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্বভার তুলে দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতাধীন এ প্রতিষ্ঠানটি ২০১৮ সালে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিশেষায়িত প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৩ ও ২০২৪ সালে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করে। এছাড়া গত প্রায় এক দশকে এ প্রতিষ্ঠানের প্রায় ২০ জন শিক্ষার্থী মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছে এবং প্রায় ৩০ জন শিক্ষার্থী কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নাসরুল আনোয়ার বলেন, বিশেষ কোনো দায়িত্ব ছাড়াই এতদিন প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে আসছি। নতুন এ দায়িত্ব প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার কাজে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, ইন্দ্রিয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, উপকরণ ও চাহিদাভিত্তিক থেরাপি সেবা দিয়ে তাদের কর্মক্ষম করে মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে। এসব কার্যক্রমে নাসরুল আনোয়ার দীর্ঘদিন ধরে নিরলসভাবে সম্পৃক্ত রয়েছেন। তাঁর দায়িত্বশীলতা ও আন্তরিকতাই তাঁকে সভাপতি নির্বাচিত করতে অনুপ্রাণিত করেছে।
মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন ম. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ১৫ বছরেরও বেশি সময় ধরে নাসরুল আনোয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে সরাসরি কাজ করছেন। প্রতিবন্ধীবান্ধব সাংবাদিকতায়ও তিনি পুরস্কৃত হয়েছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় অবদান বিবেচনা করেই তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, নাসরুল আনোয়ার কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের বসন্তপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক এ কে মতিউল ইসলাম ভূঁইয়ার সন্তান। তিনি জাতীয় একটি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।



























