
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনে অলওয়েদার সড়কে চালবোঝাই একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার ভাতশালা সেতুর মিঠামইন অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান। জানা গেছে, মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় অষ্টগ্রাম দিক থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনের দিকে ফিরছিলেন মনির হোসেন। পথে ভাতশালা সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে সেটি আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে যায়।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




























