
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের বিষয়ে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে গ্রীন টিভির সাংবাদিক মোঃ প্রিন্স মাহমুদ বাধা, ভয়ভীতি ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রচলিত নিয়ম অনুসরণ করে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। এ সময় আসামিপক্ষের কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে মোস্তাফিজুর রহমান মলিন, সামিম, সোহেলসহ অজ্ঞাত আরও কয়েকজন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা তার সংবাদ সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন এবং দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করেন। একপর্যায়ে গ্রীন টিভির সাংবাদিকের হাতে থাকা ক্যামেরা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়াও তার সঙ্গে অশোভন, অপমানজনক ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশ করলে বিভিন্ন ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মোঃ প্রিন্স মাহমুদ নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ৬৫২; সময়: দুপুর ২টা ৩০ মিনিট। সাংবাদিক মহলের দাবি, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।




























