
মো: একরামুল হক, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া দড়িপাড়া এলাকায় অটোরিকশাচালক মোকলেছুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ঘরে ছড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ফ্রিজ, শোকেস, বাক্স, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহায়তা দেন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজখবর নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তার ব্যবস্থা করা হবে।
অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে আর্থিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।




























