
মাসুম বিল্লাহ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বসতঘরে সুমা বেগম নামের এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা অসিম মৃধা বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাগুনী গ্রামের বলাহী মৃধা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ সুমা বেগম অভিযোগ করেন, ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে অসিম মৃধা তার বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ঘরের ভেতর ধস্তাধস্তি ও চিৎকার শুরু হলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভুক্তভোগী সুমা বেগমের আরও অভিযোগ, এর আগেও অসিম মৃধা তাকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এমনকি টাকা ও পোশাক দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা মজিবুর মুন্সি বলেন, তিনি বাড়ি থেকে বিলে মাছ ধরতে বের হওয়ার সময় ওই বাড়ি থেকে ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনতে পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসিম মৃধাকে জোরজবরদস্তি করতে দেখেন এবং তাকে ধরে ফেলেন বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর স্বামী আবদুল মালেকের সৎ বোন বিথি বেগম বলেন, হঠাৎ পাশের বাসায় থেকে আমার ভাবির চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান। সেখানে গিয়ে অসিম মৃধাকে দেখতে পান। পরে মজিবুর মুন্সি ঘটনাস্থলে এলে তারা মিলে অসিম মৃধাকে ধরে ফেলেন বলে জানান তিনি।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, অসিম মৃধাকে ধরে রাখার একপর্যায়ে সুযোগ বুঝে লোকচক্ষুর আড়ালে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অসিম মৃধা। তার দাবি, ওই গৃহবধূর সঙ্গে তিনি কোনো ধরনের অনৈতিক আচরণ করেননি। ষড়যন্ত্র করে তাকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে পরে রাঙ্গাবালী থানায় অসিম মৃধার বিরুদ্ধে ২৬/০৯/২০২৬ তারিখে মামলা করা হয়েছে।
রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার মুঠোফোনে বলেন, গতকাল রাতে নয়াভাগুনী গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




























