
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জনসন বেবি সাবান উদ্ধার করেছে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৭ সেপ্টেম্বর রবিবার ভোরে কর্ণঝোড়া বিওপির আওতাধীন ডুমুরতলা পাহাড়ি গ্রাম থেকে এসব মালিকবিহীন সাবান আটক করা হয়। আটককৃত সাবানের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির নিয়মিত রাতভর টহল অভিযানের অংশ হিসেবে ডুমুরতলা এলাকায় কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাবানের কার্টনগুলো ফেলে রেখে পাহাড়ি সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় জনসন বেবি সাবানের বিশাল চালানটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ সুবেদার ফুলমিয়া জানান, রবিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক করা হয়। উদ্ধারকৃত ভারতীয় সাবান আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।




























