
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ মশক নিধন ও সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে চাটখিল মাছ বাজার, চাটখিল কামিল মাদরাসা এবং ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন জনবহুল স্থানে এ কার্যক্রম চালানো হয়।
ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি জমে থাকা পানি ও বর্জ্য পরিষ্কারে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
অভিযানে চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, পৌর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, "পৌর শহরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে শুধু প্রশাসন নয়, নাগরিকদের নিজ নিজ আঙিনা ও প্রতিষ্ঠান পরিষ্কার রেখে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।"





























