
নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. সোহাগ অপহরণ মামলার আসামিরা জামিনে বেরিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। তিনি মীম শরৎ গ্রুপের কর্ণধার ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছেন তিনি।
২৭ সেপ্টেম্বর দেওয়া আবেদনে মো.সোহাগ বলেন, ২০২৫ সালের ১ জুন তাঁকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে বিপুল পরিমাণ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তিনি মুক্তি পান। এ ঘটনায় তাঁর স্ত্রী ৩ জুন ফতুল্লা থানায় মামলা করেন।
মামলার বেশির ভাগ আসামিকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁরা জামিনে মুক্ত।
তদন্ত শেষে গত ৩১ মে তদন্তকারী কর্মকর্তা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। পরে নারায়ণগঞ্জের আমলি আদালত-২ গত ১৪ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে মামলাটি শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
সোহাগের অভিযোগ, জামিনে মুক্ত আসামিরা এখন অবাধে ঘোরাফেরা করছেন এবং তাঁকে জীবননাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যেকোনো সময় তাঁদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
আবেদনে তিনি বলেন, মামলাটি দীর্ঘসূত্রতায় পড়লে তাঁর ও পরিবারের নিরাপত্তাঝুঁকি আরও বাড়তে পারে। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো প্রয়োজন।
এ অবস্থায় ফতুল্লা থানার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ করেছেন সোহাগ।




























