
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে সংসদ সদস্যের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়নি বলে জানা যায়। অথচ এমপিকে প্রটোকল দিয়েছেন সারাদিন ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জ। ফলে সারাদিন চন্দনাইশে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করে।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত সংসদ সদস্যের কর্মসূচির তালিকায় দুপুর সাড়ে ১২টায় চন্দনাইশ উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের। তবে নির্দিষ্ট সময়ের পরেও সভা দুটি অনুষ্ঠিত হয়নি। একইদিন সংসদ সদস্য সকালে গাছবাড়িয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ, দোহাজারীতে গ্রামীণ ক্ষুদ্র মেলা উদ্বোধন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ পরিদর্শন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ, দোহাজারী পৌরসভার নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পাশাপাশি বিকালে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে যোগ দেন তিনি। এসব কর্মসূচির মধ্যে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ছাড়া অন্যান্য সকল কর্মসূচিতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ অবস্থায় সরকারি নিয়মিত মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সভা স্থগিত করা হয়েছিল কিনা জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসকসহ ৩টি পদে, সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ৫টি পদের ২ জন দায়িত্বশীল কর্মকর্তা অফিস চলাকালীন সময় অফিসে না থাকায় সেবা নিতে আসা নাগরিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এলাকার নাগরিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে।




























