
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও ১৭ভরি স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
ব্যবসায়ী আবুল হাসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত ১৫/১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। বাড়ির কলাপসিবল গেইট ও বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী রণি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়। একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসলে ১৭ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩লক্ষ ৫০হাজার টাকাসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুইটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপে করে ডাকাতরা ঢাকার দিকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুুলিশ তৎপর রয়েছে।




























