
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ
গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের অধিকার, দায়িত্ব এবং পেশাগত সম্পর্কিত আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা বাড়াতে গাইবান্ধায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ডি.এম. হাসিবুল বেনজীর।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্মসচিব মোঃ আব্দুস সবুর। কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিকার ও দায়িত্ব, পেশাগত সম্পর্কিত আইন ও বিধি-বিধান এবং এসব আইন ও বিধি যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সাংবাদিকতার ক্ষেত্রে আইন ও বিধি-বিধান অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা এবং গণমাধ্যমকর্মীদের অধিকার সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসন, গাইবান্ধার সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।




























