
মো: একরামুল হক, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামে ২০ শতক জমি নিয়ে বিরোধের জেরে আদালতের রায় ও ডিক্রি নিজের পক্ষে থাকার পরও ভোগদখলে বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন মোছা. আর্জিনা বেগম (৪০)।
আর্জিনা বেগমের দাবি, জমিটির মালিকানা ও ভোগদখল-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে আদালত তাঁর পক্ষে রায় ও ডিক্রি দিয়েছেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল হলেও পরবর্তী আদালত তা বহাল রাখেন।
তিনি অভিযোগ করেন, গত ৫ জুলাই সকালে জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে মো. আব্দুস ছালাম, মো. ছোরহাব আলীসহ কয়েকজন লাঠি ও কাঠের বাটাম নিয়ে এসে তাঁকে বাধা দেন। এ সময় গালিগালাজ, মারধর ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় রায়গঞ্জ থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হলেও সমস্যা পুরোপুরি কাটেনি বলে দাবি আর্জিনার।
জমিটির জে.এল. নম্বর ১৭৫, আরএস খতিয়ান নম্বর ১৩৪ এবং আরএস দাগ নম্বর ৯৩৩।
আর্জিনা বেগম আদালতের রায় ও ডিক্রির আলোকে জমির শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত এবং পরিবারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে মো. আব্দুস ছালাম ও মো. ছোরহাব আলীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।#




























