
হুযাইফা হিজল, রায়গঞ্জ :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, মনোমুগ্ধকর নাতে রাসুল (সা.) পরিবেশনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিজানা আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. রুহুল আমিন জিহাদী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হাই আল হাদি, মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম আযম, শরীরচর্চা শিক্ষক আল মাহমুদসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাতে রাসুল (সা.) পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




























