
শফিকুল স্টাফ রিপোর্টারঃ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর সদর মেট্রো থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি গাজীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ির ‘জুলাই চত্বরে’ গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সহ-সভাপতি ডক্টর অ্যাডভোকেট মো. শহিদ উজ্জামান, আহমেদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু এবং গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে এই অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ ও সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।




























