
মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে সরকারি অফিসসমূহের ছাদে সোলার সিস্টেম স্থাপন ও নেট মিটারিং পদ্ধতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, শাজাহানপুর, বগুড়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী প্রকৌশলী রাশেদ ইমরান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সাহাবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব, ডিজিএম (সদর দপ্তর-কারিগরি); মোজাহিদুল ইসলাম, এজিএম (সদস্য সেবা); আমির উদ্দিন, পিইউসি; মোঃ রনজিত কুমার মোহন্ত, জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় সরকারি দপ্তরসমূহের ছাদে সোলার প্যানেল স্থাপন, নেট মিটারিং পদ্ধতি, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।




























