
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অবশেষে আমলে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল প্রকাশিত সংবাদের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাইয়ে শুনানির নোটিশ জারি করা হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও চেইনম্যানের বিরুদ্ধে ঘুষ লেনদেন এবং সাধারণ মানুষকে হয়রানির মতো গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
জারি করা নোটিশে অভিযোগকারীকে আগামী ৯ নভেম্বর ২০২৬, সোমবার, সকাল ১১টায় অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।
এ সময় অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র, নথিপত্র ও সাক্ষীসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে প্রশ্ন: ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা ঘুষ বাণিজ্যের শিকার না হন—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি জানতে চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই পদক্ষেপ জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ আস্তা হিসেবে কাজ করছে।



























