
মোঃ রহমত মন্ডল তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার (২ নভেম্বর) উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা সদর উপজেলার বোবরা খালিদ এলাকার মৃত মোর্শেদ প্রামাণিকের ছেলে মো টুটুল প্রামাণিক (৩৫) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর (নিচবাড়ী) এলাকার মো মোজাহারুল হকের ছেলে মো মশিউর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে পরিবেশের ক্ষতি সাধন করছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এ সময় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে পরিবহনের সত্যতা পেয়ে টুটুল প্রামাণিক ও মশিউর রহমানকে আটক করা হয়।
পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর আওতায় অপরাধ আমলে নিয়ে উভয়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানের বিষয়ে ইউএনও মো মোনাববর হোসেন বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



























