
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ “টেকসই আর্থিক মুক্তি ও মানসম্মত ব্যাংকিং সেবার প্রত্যয়”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে সঞ্জীবন প্লাটুনভুক্ত সদস্য-সদস্যাদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উলিপুর ও চিলমারী উপজেলার সঞ্জীবন প্লাটুনভুক্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের অংশগ্রহণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের ৬৪ জেলার ৩৫৯টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসেবে উলিপুরে শেয়ার আবেদন ও প্রোফাইল হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল সঞ্জীবন প্লাটুনভুক্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের শেয়ারসংক্রান্ত তথ্য যাচাই, সংশোধন ও হালনাগাদ করা। পাশাপাশি গ্রাহকদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানসম্মত সেবা নিশ্চিত করা।
ক্যাম্পে অংশগ্রহণকারী শেয়ার আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করা হয় এবং প্রোফাইল ভ্যালিডেশন ও হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ফজলুল কবির, আনসার ও ভিডিপি প্রশিক্ষক রফিক আহমেদ এবং প্রশিক্ষিকা মিনারা খাতুন। এ ছাড়া উলিপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভাতাভোগী সদস্য-সদস্যারা ক্যাম্পে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগের ফলে আনসার ও ভিডিপি সদস্যদের শেয়ারসংক্রান্ত তথ্যভান্ডার আরও নির্ভুল ও হালনাগাদ হবে। একই সঙ্গে সদস্যদের আর্থিক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজতর করা সম্ভব হবে।




























