
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। কলেজে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। পরে কলেজ কর্তৃপক্ষ ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁকে বরণ করে নেয়।
আবাদপুকুর মহাবিদ্যালয়ের সভাপতি ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কলেজকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইলের ক্ষতিকর ব্যবহার থেকে দূরে থেকে বই পড়ায় মনোযোগী হতে হবে। আগামী দিনে দেশ ও জাতির দায়িত্ব শিক্ষার্থীদেরই নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. এছাহক আলী ও সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এ ছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মকলেছুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হক লিটন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোজাক্কির হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



























