
শফিকুল স্টাফ রিপোর্টারঃআদর্শনগর উপজেলা বাস্তবায়নের ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং এর দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ এলাকায় একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন এবং নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
একই সঙ্গে আদর্শনগর উপজেলার বহুমুখী উন্নয়ন নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সরকারের উচ্চপর্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহে আলম এবং স্থানীয় মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এদিকে, এই উন্নয়ন উদ্যোগকে আরও বেগবান করতে এবং আনন্দ প্রকাশের লক্ষ্যে আগামীকাল ৩০ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় আদর্শনগর উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশ ও শুভেচ্ছা মিছিলের ডাক দেওয়া হয়েছে।
আয়োজকরা দল-মত নির্বিশেষে আদর্শনগরের সর্বস্তরের জনগণকে আগামীকালকের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এলাকার উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির এই যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সুন্দর, আধুনিক ও মডেল উপজেলা গঠনে এই জনসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।




























