
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ লাঘবে একদিনে ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। শনিবার (১৪ নভেম্বর) কাশিমপুরে নিজের বাসভবন থেকে বের হয়ে উন্নয়ন কার্যক্রম শুরু করেন তিনি। দিনের প্রথম কর্মসূচিতে ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় হাতিমারা- কোনাবাড়ি আঞ্জুম পাম্প সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর লোহাকৈরসহ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দিনের কর্মসূচির মধ্যে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হাতিমারা থেকে কোনাবাড়ী আঞ্জুম পাম্প সড়ক। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। খানাখন্দে ভরা সড়কটি স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও যানবাহন চালকদের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিগত সরকারগুলোর আমলেও সড়কটির উন্নয়নে দৃশ্যমান কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ ছিল এলাকাবাসীর মধ্যে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩২ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন করা হবে। সড়কটি ২৪ ফুট প্রশস্ত করা হবে। হাতিমারা থেকে ৪০০ মিটার পর্যন্ত ড্রেন নির্মাণ করা হবে এবং বাকি অংশে ড্রেন ছাড়াই ২৪ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই দীর্ঘদিনের ভোগান্তির এই সড়কটির উন্নয়নকাজ শুরু করার উদ্যোগ নিয়েছেন। স্থানীয়দের মতে, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে হাতিমারা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হাতিমারা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এদিকে হাতিমারা-আঞ্জুম পাম্প সড়কের পাশাপাশি প্রশাসকের দিনব্যাপী কর্মসূচিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।
এর মধ্যে রয়েছে হাতিমারা করিম সুপার মার্কেট থেকে লোহাকৈর মাজার হয়ে আরকে রেডিয়াল ফ্যাক্টরি পর্যন্ত চন্দ্রা-নবীনগর সংযোগ সড়কের উন্নয়নকাজ। এছাড়া রাজাবাড়ী-কবির ফিলিং স্টেশন থেকে বাঘিয়া হাইস্কুল হয়ে নজরুলের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে তুরাগ নদী পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৪ নম্বর ওয়ার্ডে চান্দপাড়া স্পেশাল গার্মেন্টস রাস্তা থেকে মো. রাজ্জাক সাহেবের বাড়ি হয়ে মোসলেম উদ্দিন স্মরনী পর্যন্ত ইউনিব্লক রাস্তা ও ড্রেন নির্মাণ এবং তারকাটা মিল থেকে হাকিম সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
একই ওয়ার্ডে বাসন ম্যানুয়াল ফ্যাশন সংলগ্ন এলাকা থেকে বাসন উত্তর ভিটি পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ পর্যন্ত, খান বাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে ফাইতুজ্জুর সড়ক পর্যন্ত এবং কলাবাগান আতাউর রহমান সাহেবের বাড়ি সংলগ্ন মেইন রোড থেকে চান্দপাড়া মাদ্রাসা পর্যন্ত সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৩ নম্বর ওয়ার্ডে সিটি মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা থেকে কুদ্দুস সাহেবের বাড়ি হয়ে হাজী আহমদ আলী সাহেবের বাড়ি এবং বিএইচটি আবেদুল্লাহ সাবেদুল্লাহ রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডে গ্রেটওয়াল সিটির মেডিক্যাপ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে উত্তর দিকে আল-নূর মডেল মাদ্রাসা পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি ওয়্যারলেস আব্দুল হাকিম সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে ডিবি কার্যালয় হয়ে বাইতুল হাকিম জামে মসজিদ ইউনিব্লক রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে যোগীতলা তিন সড়ক বাইপাস রাস্তা থেকে কলিমদ্দিন সড়ক হয়ে যোগীতলা-চান্দনা রাস্তা পর্যন্ত এবং যোগীতলা বাজার থেকে তিন সড়ক হয়ে ঢাকা বাইপাস পর্যন্ত সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
একদিনে বিভিন্ন ওয়ার্ডে এতগুলো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকে গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোকে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ প্রশাসক শওকত হোসেন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা বাড়িয়েছে।
নাগরিকদের প্রত্যাশা, শুধু ভিত্তিপ্রস্তর স্থাপনেই সীমাবদ্ধ না রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়ন করা হবে। এতে গাজীপুর সিটির সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে।




























