
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) সকালে পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন সেভারর্স-এর যৌথ আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। সভাপতিত্ব করেন নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ড মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন। কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রীন সেভারর্স-এর প্রধান নির্বাহী আহসান রনি।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য শব্দদূষণ ও প্লাস্টিক বর্জ্যের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





























