
গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে কলারোয়া পৌরসভার গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটে। ওই সময় ভুক্তভোগী ১২ বছর বয়সী শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুটি তার নানাবাড়িতে অবস্থান করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ইব্রাহিম গাজী কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে বসতঘরের পশ্চিম পাশে বারান্দাসংলগ্ন একটি কক্ষে খাটের ওপর জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার বিষয়টি শিশুটির নানীসহ স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
রায়ের বিষয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকবর আলী জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১১ জন সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।




























